মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ বাসযাত্রী। গতকাল বুধবার ভোর ৪টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসযাত্রী। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেনÑ চট্টগ্রামের বদরুদ্দোজা ভূঁইয়ার স্ত্রী হাসিনা বেগম (৪২), পটুয়াখালীর আমতলী উপজেলার গৌরাঙ্গ দাসের ছেলে বাদল দাস (৩৫) ও মুন্সীগঞ্জ সদরের ফকির চাঁনের ছেলে কালাচান (৪৫)। আহতদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কাঞ্চন কুমার সিংহ আরও জানান, ফ্লাইওভারের ওপর পণ্যবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় কুয়াকাটা থেকে যাত্রীবোঝাই করে লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে কুচিয়ামোড়া ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে যাত্রীবোঝাই বাসের। বাসযাত্রী আহত বদরুদ্দোজা ভূঁইয়া বলেন, ‘রাতের শেষ ভাগে আমাদের বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আমার স্ত্রী হাসিনা বেগম ও আমি বাসের বাম পাশে বসে ছিলাম। হাসিনা জানালার পাশে ছিল। মুহূর্তেই চোখের সামনে আমার স্ত্রীসহ কয়েকজন মারা গেলেন।’
