হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেই বানরের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ এএম

বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে আসা সেই বানর মারা গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মারা যায় গুরুতর আহত এই প্রাণীটি। এর আগে চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হলেও গত বৃহস্পতিবার থেকে বানরটি হঠাৎ খাওয়াদাওয়া ছেড়ে দিলে অবস্থার অবনতি হতে থাকে।

চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘গত চার সেপ্টেম্বর বানরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে আনার পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য এটিকে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে যেহেতু প্রাণী রাখার কোনো স্থান নেই তাই এটিকে চিকিৎসা দেওয়ার পর আবার আমাদের কার্যালয়ে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বানরটির চিকিৎসা চলছিল। চিকিৎসা দেওয়ার পর ৫ ও ৬ সেপ্টেম্বর বানরটিকে অনেকটা সুস্থ দেখা যায়। বানরটি স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি ও খাওয়াদাওয়া করে। কিন্তু ৭ তারিখ থেকে বানরটি হঠাৎ খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। তখনই আমরা এটিকে আবারও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই। সেখানে বানরটিকে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে অনেক চেষ্টা করেও এটিকে মুখে কিছু খাওয়ানো যাচ্ছিল না। জোর করে কিছুটা খাওয়ানোর চেষ্টা করলে বানরটি বমি করে দেয়। এরপর ক্রমান্বয়ে অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে আজ (গতকাল) দুপুরে বানরটির মৃত্যু হয়।’

এলাকাবাসী জানায়, বানরটিকে গত বেশ কিছুদিন ধরে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় এলাকাবাসী কলা, বাদাম ও বিভিন্ন ধরনের ফল, সবজি খেতে দিলেও বানরটি খাওয়ার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছিল না। এটিকে আগে থেকেই কিছুটা দুর্বল ও অসুস্থ মনে হচ্ছিল। শারীরিক কোনো অসুবিধার কারণে চিকিৎসার আশায় প্রাণীটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছিল। পরে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে নিচে পড়ে মারাত্মক আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত