রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন স্কুলের মধ্যে আকাশ নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মীর মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্ত (২৫), মো. ফিরোজ (১৮) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৫)। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে তিনি বলেন, ‘৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় আকাশ ও তার বন্ধুরা মোহাম্মদপুরের একটি স্কুলের নির্মাণাধীন সাইটে প্রবেশ করে। এ সময় সাইটের শ্রমিকরা তাদের ধাওয়া করলে বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হলেও আকাশকে ধরে তাদের থাকার জায়গায় নিয়ে যান শ্রমিকরা। পরে গ্রেপ্তার মোয়াজ্জেমের নির্দেশে তাকে লোহার রড চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লাঠি, রড ও স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এতে আকাশের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।’
পরদিন সকাল ৬টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রমিকরা আকাশের ফুফুকে ফোনের মাধ্যমে বিষয়টি জানায়। এরপর ফুফু ঘটনাস্থলে এসে আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে মারা যায় আকাশ। মৃত্যুর সংবাদ শুনে গ্রেপ্তার এড়াতে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা সাইট থেকে পালিয়ে মগবাজার, রমনাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।
