স্বাস্থ্যখাতে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ডেঙ্গুর পরিস্থিতির ওপর দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনের বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থতা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারী আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙে ডেঙ্গু আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জ্বরে মৃত্যু হচ্ছে প্রধান শিরোনাম। প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছে।’
মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন, ‘নিম্ন মানের কীট ও সরকারের উদাসীনতার জন্য আমরা জানি না কি পরিমাণ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আসল রোগীর সংখ্যা কত তা সহজে অনুমেয়… কয়েকগুণ বেশি হবে। ২০০০ সাল থেকে ডেঙ্গুকে আমরা চিনেছি, জানছি...লাশের সারি বাড়ছে। কিন্তু সরকারের এসব নিয়ে চিন্তা নেই, উদ্যোগ নেই।’ ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে পাশে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।