আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানকে নির্বাচন কমিশন (ইসি) চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। তিনি জানান, নির্বাচনের ফলাফল যেন সব ভোটার ও অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয় অর্থাৎ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য সব কার্যক্রম সংবিধান, আইন, বিধি অনুযায়ী নেওয়া এবং যথাযথ প্রয়োগের বিষয়ে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
গণফোরামের সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খানের প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশন সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
প্রবাসে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিতে ১৬টি দেশে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশের সিটি করপোরেশনের বর্জ্যকে আর্থিক সম্পদে পরিণত করার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। গতকাল সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
মাইক বিভ্রাটে অধিবেশন বন্ধ : মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়। গতকাল বিকেল ৪টা ৪৮ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই মাইকে গোলযোগ দেখা দেয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ১০ মিনিটের জন্য স্থগিত করেন। মাগরিবের নামাজের বিরতির পর ৬টা ৪১ মিনিটে অধিবেশন আবারও শুরু হয়।
