নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি : খসরু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের সব গণতান্ত্রিক দেশ যেমন কনসার্ন, তারা (জার্মান)ও জানতে চাচ্ছে এই নির্বাচন কীভাবে নিরপেক্ষ, গ্রহণযোগ্য করা যায়, আন্তর্জাতিক মানের ও বিশ্বাসযোগ্য করা যায়। জার্মানসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সবাই চাচ্ছে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের অংশীদারত্ব, নিরপেক্ষ একটি নির্বাচন বাংলাদেশের মানুষ যেভাবে চাচ্ছে, তারাও একইভাবে চাচ্ছে। তারা তো আর বাংলাদেশে প্রক্রিয়া বলে দেবে না।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সঙ্গে বিএনপি নেতাদের এই বৈঠক হয়। ঘণ্টাখানেকের অধিক এই বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু আরও বলেন, ‘প্রক্রিয়াটা কী হবে সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেটা বলেছি, নিরপেক্ষ সরকার ছাড়া বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, অংশীদারত্ব নির্বাচন হওয়া সম্ভব না। কেউ যখন বলে নির্বাচন বিশ্বাসযোগ্য, এটা আন্তর্জাতিক মানের, গ্রহণযোগ্য ও অংশীদারত্বমূলক নির্বাচন হতে হবে, সেটি কোনো রাষ্ট্র বা সংস্থাও হতে পারে, তার মানে স্বাভাবিকভাবে আমরা মনে করি, জনগণ মনে করে নিরপেক্ষ সরকার ছাড়া সেটি সম্ভব নয়। আমরা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছি সেভাবে।’

নির্বাচন নিয়ে আপনারা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সব সময় যা বলি তাই বলেছি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছু বয়ে আনবে না। আবার একটা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন আর কিছু না।’

বিএনপির এই নেতা জানান, ‘বৈঠকে ম্যাডামের (চেয়ারপারসন খালেদা জিয়া) হেলথ নিয়ে আলোচনা হয়েছে। জানতে চেয়েছেন তার হেলথ কী রকম, ট্রিটমেন্টের অবস্থা কী? বাংলাদেশ জার্মানির মধ্যে যেসব সহযোগিতা আছে সেগুলো কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সে নিয়েও আলোচনা হয়েছে।’

এদিকে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে’ এক ঘণ্টার অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘ডিএমপি কমিশনার (খন্দকার গোলাম ফারুক) প্রজাতন্ত্রের কর্মচারী-কর্মকর্তা হয়ে গতকাল (মঙ্গলবার) কী করে একটি পারিবারিক বিষয় নিয়ে মারামারিতে আহত একটি রাজনৈতিক দলের সংগঠনের নেতাদের হাসপাতালে দেখতে যান? আপনার (ডিএমপি কমিশনার) স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে যখন অসংখ্য নেতাকর্মীকে (বিএনপির) গুলি করে হত্যা করেছেন, আমাদের বহু নেতাকর্মীকে রাজপথে আপনার বাহিনীর সদস্যরা পিটিয়ে পা ভেঙেছে, কোমর ভেঙেছে, মাথা ফাটিয়েছে, এক দিনের জন্যও কি তাদের পরিবারের কাছে সমবেদনা পাঠিয়েছেন? পাঠান নাই।’

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় কর্মসূচিতে বিএনপির হাবিবুর রহমান হাবিব, শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত