চিকিৎসকের ওপর হামলা ছাত্রলীগ নেতাকর্মীদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে দেরি করাকে কেন্দ্র করে জরুরি বিভাগের চিকিৎসক ও তার সহযোগীর ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মোটরসাইকেলে ২০-২৫ জন নেতাকর্মী হাসপাতালে মহড়া দিয়ে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। রোগী ও স্বজনরা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল ৩টার দিকে স্থানীয় সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের ভিপি মাহদী হাসান রিফাত দুর্ঘটনার শিকার একটি শিশুকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম ও তার সহযোগী টুটুল মিয়া অন্য একটি রোগীকে চিকিৎসা দিতে ব্যস্ত ছিলেন। মাহদী তার রোগীকে দেখার জন্য বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সাইফুল ও টুটুলকে বেদম মারধর করেন। নিজেদের রক্ষায় হাসপাতালের টয়লেটে ঢুকে আশ্রয় নেন তারা।

চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘তারা কথা বলেই আমাদের মারতে শুরু করে।’

তবে অভিযোগ অস্বীকার করে সরকারি সফর আলী কলেজের ভিপি মাহদী হাসান রিফাত বলেন, ‘হাসপাতালের লোকজন আমাকে মারধর করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত