পেকুয়া ভূমি অফিস

বদলির ৩ মাস পরও কর্মস্থল ছাড়েননি সার্ভেয়ার!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাজ্জাদ হোসেন বদলি আদেশের তিন মাস পরও কর্মস্থল ছাড়েনি। নিয়মিত নিচ্ছেন বেতন-ভাতাও। সরকারি আদেশ অমান্য করে দিব্যি চাকরি করে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পেকুয়া ভূমি অফিস। বরং অভিযোগ উঠেছে সার্ভেয়ার সাজ্জাদ হোসেন পেকুয়া ভূমি অফিসে বহাল তবিয়তে কর্মরত থাকতে বদলি আদেশ বাতিল করতে নানা তদবির চালাচ্ছেন। পেকুয়া ভূমি অফিসে কানুনগোর পদটি শূন্য হওয়ার সুবাদে সার্ভেয়ার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ‘কানুনগো’ পদেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এসএম হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পেকুয়া ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার সাজ্জাদ হোসেনকে পার্বত্য বান্দরবান জেলার থানছি উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হলেও বদলি আদেশ পাওয়ার পর প্রায় তিন মাস চলে গেছে। রহস্যজনক কারণে আদেশটি এখনো কার্যকর হয়নি। সাজ্জাদ হোসেন এখনো ছাড়পত্র গ্রহণ করেননি, আগের পদেই বহাল রয়েছেন।

ভূমি অফিসে আসা সেবাপ্রার্থী ও স্থানীয়দের অভিযোগ, পেকুয়া ভূমি অফিসের প্রভাবশালী ও দাপুটে সার্ভেয়ার সাজ্জাদ হোসেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। অনিয়ম, দুর্নীতির কারণে বদলি হলেও পেকুয়া ভূমি অফিস ছাড়তে চাইছেন না। পেকুয়া ভূমি অফিস কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ার পরিবর্তে উল্টো একই স্থানে রেখে দিতে তদবির করছে।

পেকুয়া উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সার্ভেয়ার সাজ্জাদ হোসেনের সখ্য থাকায় বদলির তিন মাসেও ছাড়পত্র নিচ্ছেন না। ভূমি অফিসও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।’

এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, ‘এটি ডিসি স্যারের বিষয়। ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত