সিঙ্গাপুরে মদ্যপানের পর সহকর্মীর আঙুলে কামড় দেওয়ায় এক ভারতীয় ব্যক্তিকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অভিযুক্তকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে চলতি বছরের এপ্রিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
জানা গেছে, সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন ওই দুই ব্যক্তি। তারা দুজনই ভারতীয় এবং পৃথক ডরমিটরিতে থাকতেন। গত ২২ এপ্রিল দুজনই মদ্যপান করছিলেন। এক পর্যায়ে একজন নেশাগ্রস্ত হয়ে চিৎকার করতে শুরু করেন এবং তাকে চুপ থাকতে বলা হয়। এরপরেই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, হাতাহাতির মধ্যে অভিযুক্তের মুখে অপরজনের আঙুল ঢুকে যায়। তিনি সেই আঙুলে কামড়ে দেন। যদিও ভুক্তভোগী কয়েক মুহূর্ত পর নিজেকে মুক্ত করতে সক্ষম হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভুক্তভোগীর আঙুলের কাটা অংশ খুঁজে পাওয়া যায়নি।
