নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়েছে।
জানা যায়, হানজালাকে তার বাহিনীর লোকেরা র্যাবের ওপর আক্রমণ করে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় আহত হন র্যাবের ৪ সদস্য।
গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে আটক করা হয়। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হন র্যাব সদস্য হাবিলদার মুসফিকুর রহমান, কর্পোরাল আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া, কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামি করে ২৭ জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
