আদিলুর-নাসিরের রায় নিয়ে বিবৃতি ৪৮ নাগরিকের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ এএম

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের মুক্তি দাবি করেছেন দেশের ৪৮ জন নাগরিক। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ‘অধিকারের সম্পাদক আদিলুর ও পরিচালক নাসিরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। দীর্ঘদিন ধরে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য সংগ্রহ, অনুসন্ধান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রকাশ করে আসা অধিকার-এর শীর্ষ দুই মানবাধিকারকর্মীকে শাস্তির মুখোমুখি করার ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানের মুক্তি দাবি করছি। একই সঙ্গে মানবাধিকারকর্মীদের সুরক্ষা দেওয়ার দাবি জানাই এবং তাদের বিরুদ্ধে সব হয়রানির অবসান চাই।’

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হোসেন জিল্লুর রহমান, সমাজবিজ্ঞানী; ড. হামিদা হোসেন, মানবাধিকারকর্মী; আলী ইমাম মজুমদার, সাবেক সচিব; ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি; ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ; ড. বদিউল আলম মজুমদার, সম্পাদক-সুজন; পারভীন হাসান, ভাইস চ্যান্সেলর-ন্যাশনাল উইমেনস ইউনিভার্সিটি; অধ্যাপক আনু মোহাম্মদ; অধ্যাপক সি আর আবরার; সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট; শাহ্দীন মালিক, আইনজীবী সুপ্রিম কোর্ট; তাবারক হোসাইন, জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট; ড. শহিদুল আলম, ফটোগ্রাফার; ড. আসিফ নজরুল, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারা হোসেন, আইনজীবী সুপ্রিম কোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত