রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেট কমিটিকেও তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কীভাবে আগুন লেগেছে সেটি বের করবেন। কী দুর্বলতা ছিল?’
গতকাল রবিবার রাজধানীর মোহাম্মদপুরে পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘যার যেখানে দোকান ছিল সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে। এখানে আমরা আকাশ কুসুম কল্পনা করতে চাই না। ছয়তলা, নয়তলা, ১৪তলা মার্কেট কবে হবে। এই ভরসার জোরে মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারে না। দোকানমালিক, দোকানদাররা যা চাইবেন তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। মার্কেটটা হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গিয়েছে, আমাদের হৃদয় পুড়ে গিয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এখানে কেউ বঞ্চিত হবে না। অসাধু চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমি মেয়রের সঙ্গে আলাপ করব। সরকারের তরফ থেকে সব বিষয়ে তদারকি করা হবে।’
