বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এক হাজার একজন শিক্ষক এবং এক হাজার একজন চিকিৎসক। গতকাল রবিবার পৃথক বিবৃতিতে তারা এই দাবি জানান।
শিক্ষকদের বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কাজী আ. রাজ্জাক, চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন প্রমুখ।
চিকিৎসকদের সংগঠক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও স্বৈরাচারী সরকার কর্তৃক উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ১০০১ চিকিৎসক।’ অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসক নেতারা।
এতে (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. এ কে এম আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. আব্দুস সেলিম, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. আব্দুল কুদ্দুসসহ ১০০১ জন চিকিৎসক স্বাক্ষর করেন।
