বিচারকের ওপর হামলার মামলা

আ.লীগ নেতার ছেলের কারাদন্ড আপিলে বহাল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ এএম

চট্টগ্রামে এক বিচারকের ওপর হামলার মামলায় নগর আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতার ছেলের বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদন্ডের রায় আপিলেও বহাল রেখেছে আদালত। আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ জানান, রায় ঘোষণার তারিখ থেকে আগামী এক মাসের মধ্যে আসামিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি হলেন আলী আকবর ইকবাল। তিনি বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজি ইকবালের ছেলে। ২০২০ সালের ৯ ডিসেম্বর নগরের পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় তৎকালীন চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির উদ্দিনের ওপর হামলা চালান আলী আকবর ইকবাল। প্রসঙ্গত, ২০২১ সালের ৮ মার্চ আলী আকবর রায় বাতিল চেয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। জানা গেছে, হামলার এ ঘটনায় বিচারক জহির উদ্দিনের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে আলী আকবর ও তার সহযোগী আলী হোসেন জিসানের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০২০ সালের ২১ ডিসেম্বর দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদ- দেন। অপর আসামি আলী হোসেন জিসানকে খালাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত