সম্প্রতি ঘোষিত মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে মামলা করা হয়েছে। জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দুজনকে আসামি করে সহকারী জজ সদর আদালতে এ মামলা করেন জেলা জাপার সাবেক সহসভাপতি মো. আওলাদ হোসেন। এদিন দুপুরে ওই আদালতে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলায় জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে ২ নম্বর ও সম্প্রতি ঘোষিত জেলা জাপার সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীনকে ১ নম্বর আসামি করা হয়েছে।
জেলা জাপার সাবেক সহসভাপতি মো. আওলাদ হোসেন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যদি জেলা থেকে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে জেলা সভাপতি নির্বাচিত করত, তাহলে কারও আপত্তি থাকত না। কমিটি ঘোষণা করে ত্যাগী নেতাদের প্রতি অন্যায় করা হয়েছে। তাই মামলাটি করা হয়েছে।
