যুক্তরাষ্ট্রে চমন চৌধুরীর তিনটি সফল প্রদর্শনী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ এএম

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার চমন চৌধুরী এবার যুক্তরাষ্ট্রের মানুষের মন জয় করলেন তার কাজ দিয়ে। চমন মূলত পাটের পোশাক নিয়ে কাজ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ধ্রুপন এবং বেস্ট নামের তিনটি সংগঠনের আমন্ত্রণে তিনি সেখানে যান। বাংলাদেশের শিল্পী স্বপ্নীল সজীবের গান আর চমনের দেশীয় পোশাকের প্রদর্শনী হয়। সেই শোতে দর্শকের তুমুল সাড়া পাওয়ায় যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য থেকেও তার পোশাকের প্রদর্শনীর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন আয়োজকরা। এরপর তিনি ভার্জিনিয়া ও নিউজার্সিতে আরও দুটি প্রদর্শনী করেন। এবারের অভিজ্ঞতা চমন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৫-২০ বছর ধরেই আমার পোশাকের প্রদর্শনী হয়। তবে এবার নতুন তিনটি জায়গায় নতুন মানুষের সামনে নিজের পোশাক তুলে ধরতে পেরে আমি আনন্দিত। এবার তিন সপ্তাহ ছিলাম আমেরিকায়। তিন দিনই সাপ্তাহিক ছুটিতে আমার শো ছিল। তাই অনেক লোকের সমাগম হয়। সবাই যে প্রবাসী বাঙালি তা নয়, কিছু ফরেনারও ছিলেন। প্রত্যেকে আমার কাজের ভীষণ প্রশংসা করেন।’ তিনি আরও বলেন, ‘অনেকে পাটের পোশাকের কথা শুনলে ভাবে কেমন না কেমন হবে। কিন্তু কাছ থেকে দেখার পর সবাই যেন অবাক হয়ে যান। ভাবতেই পারেন না পাট দিয়ে এভাবে ডিজাইন করা যায়। আমি তো আসলে পাটকে মডিফাই করতে করতে একেবারে কটনের পর্যায়ে নিয়ে এসেছি। আর এবারই প্রথম কালো রঙের পাটের পোশাক ডিজাইন করেছি। বরাবরের মতো অন্যান্য রঙের পোশাকও ছিল। শাড়ি, পাঞ্জাবি-কোটি তো সব সময় করি। তরুণ প্রজন্মও যাতে পছন্দ করে এ জন্য প্রাচ্য আর পাশ্চাত্যের ফ্যাশনের ফিউশন করে কিছু পোশাক ডিজাইন করেছিলাম। একটা পোশাকও দেশে ফিরে আসেনি। সব সোল্ড আউট। আমি এখন নিজের দেশে আরেকটি প্রদর্শনীর জন্য পোশাক রেডি করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত