মিরপুরে চারজনের মৃত্যুর পেছনে অবৈধ বিদ্যুৎ সংযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। ডিএনসিসির নেতৃত্বে একবার ওই এলাকার অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল; জানতে পেরেছি একটি মাদ্রাসা অবৈধভাবে এই বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনার দায় তাদের।

গতকাল রবিবার দুপুরে ডিএনসিসির নগর ভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ৭৭ জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়ার জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। মাটির নিচে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই।

জলাবদ্ধতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পলিথিন, বোতল সবকিছু ড্রেনে ফেলার কারণে পানির প্রবাহে সময় লাগছে। গলির রাস্তা দিয়ে জায়গার অভাবে প্রশস্ত ড্রেন করা যাচ্ছে না। ২০ ফুট রাস্তার জায়গা না পেলে প্রশস্ত ড্রেন করা সম্ভব হচ্ছে না। জলাধার, খাল ধ্বংস করা যাবে না। নগরের খাল ভরাট, বেদখল মূলত জলাবদ্ধতার জন্য দায়ী। পরিবেশ দূষণ বন্ধ না করলে, পরিবেশ প্রতিশোধ নেবে। এজন্য আমরা কল্যাণপুরসহ সব বেদখলে থাকা খাল উদ্ধার করছি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতে চিত্রপ্রদর্শনীর আয়োজন সম্পর্কে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর এর প্রদর্শনী করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত