ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২১ সেপ্টেম্বর এ ঘটনার পর গত সোমবার মোস্তাকিন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত সোমবার রাত ১২টার দিকে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁওয়ের কুশারীগাঁও গ্রামে ওই প্রতিবন্ধী কিশোরীকে ঘরের ভেতরে রেখে দরজায় তালা দিয়ে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান তার মা-বাবা। এ সময় একই এলাকার মোস্তাকিন ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে বাবা-মা বাড়িতে এসে কন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
টাঙ্গাইলের ঘটনায় মামলা সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ওড়না দিয়ে হাত বেঁধে মুখ চেপে ধরে শফিকুল জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এর মধ্যে সোমবার রাতে শফিকুলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ওই প্রতিবন্ধীর তরুণীর বাবা। পরে রাতেই ধর্ষক শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
