বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আপনারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনো উঠতে পারেননি।’ গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য কর্মীরা প্রস্তুত থাকব। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকব। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে।
নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। জনগণকে বুঝাব আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা। উন্নয়নের গল্প-কাহিনি সারা পৃথিবীর মানুষ জানে। সেগুলো আমরা দেশবাসীর মধ্যে তুলে ধরব। সঙ্গে সঙ্গে বিএনপির ষড়যন্ত্র, হুমকি বিদেশিদের দিয়ে ষড়যন্ত্র সব কিছুকে মোকাবিলা করব।’
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, সদস্য খন্দকার আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান প্রমুখ।
