জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) সকালে সদর উপজেলার দোগাছি ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের অর্জন উড়াও এর ছেলে।
থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গতকাল মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম-ঘাসুড়িয়া সড়কের পাশের সবজি ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।
