অপ্রতিরোধ্য

অনন্য

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ এএম

অবিচল পথচলায় বারবার তার জীবনে এসেছে ঝুঁকি। প্রাণ সংহারে হয়েছে হামলা, খাটতে হয়েছে জেল, থেকেছেন গৃহবন্দি। কিন্তু সবকিছুকে তুচ্ছ করে অনড় প্রতিজ্ঞায় এগিয়ে চলেছেন নিজ লক্ষ্যের দিকে। যিনি এমন সংশপ্তক, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন রূপায়ণে দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কোনো সংকটেই পিছু হটতে দেখা যায়নি তাকে। বরং অতন্দ্র প্রহরীর মতো দেশকে, দেশের মানুষের সুরক্ষা ও জীবনযাত্রার উন্নয়নে নিবেদিত থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। তার দূরদর্শী নেতৃত্ব ১৭ কোটি মানুষকে উন্নয়নের আশা দেখায়, স্বপ্ন দেখায়, কারণ তিনি স্বপ্নের উন্নয়ন যাত্রায় নিরলস নেতৃত্ব দিয়ে চলেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে এখন বাংলাদেশ।

শুধু উন্নয়ন যাত্রায় নয়, তিনি দুঃসময়ে রাষ্ট্রনায়কের মতো ভূমিকা পালন করছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রেখে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়মতো টিকার ব্যবস্থা করে সামাল দিয়েছেন মহামারী। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি তাকে দিয়েছে বিশেষ সম্মাননা।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসা শুরু, নারীর ক্ষমতায়ন এবং তাদের নিরাপত্তাসহ বিভিন্ন যুববান্ধব উদ্যোগ শেখ হাসিনাকে যুবসমাজের রোল মডেলে পরিণত করেছে। ডিজিটাল বাংলাদেশ ছাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য তৈরি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তার সরকার। এসব উদ্যোগ বেকারত্ব কমাতে, জনশক্তিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে তরুণদের আগ্রহ বাড়াতে সাহায্য করছে।

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলা করে ভাটির দেশ বাংলাদেশের অগ্রযাত্রা নির্বিঘœ রেখেছে শেখ হাসিনার সরকার। তার নেতৃত্ব আজ দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারেও।

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা দেশের মানুষের কাছে অজেয় হয়ে আছেন বঙ্গবন্ধুকন্যা। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি ও সমুদ্রবক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার নেতৃত্ব বাংলাদেশের গ-ি পেরিয়ে গেছে। ব্লু-ইকোনমির নবদিগন্ত উন্মোচন করেছে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ ও সাবমেরিন বিশ্বে উচ্চতার আসনে বসেছে বাংলাদেশ। বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম মেট্রোরেল চালু। বৈদ্যুতিক রেল ব্যবস্থার সূত্রপাত। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ। নদীর তলদেশে টানেল নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারপ্রধান হিসেবে তার নেতৃত্ব সুসংহত করেছে দেশ-বিদেশে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, দারিদ্র্যের হার হ্রাস শেখ হাসিনার নেওয়া পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয় তার নেতৃত্বাধীন সরকার। করোনার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নিয়েছেন কার্যকরী পদক্ষেপ।

এদিকে বর্ণাঢ্য সংগ্রামমুখর এ কর্মময় জীবন কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ। মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি গৃহবন্দি থেকেছেন। সামরিক স্বৈরশাসনামলেও বেশ কয়েকবার তাকে কারা নির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। কোনো প্রতিকূল পরিস্থিতিতেই থামাতে পারেনি তাকে।

টানা তিন মেয়াদসহ ২০ বছরের ক্ষমতাকালে দেশের অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে সফল নেতৃত্বের কারণে শেখ হাসিনা নেতা থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রনায়ক। প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আর বর্ণাঢ্য এ পথচলায় শেখ হাসিনা নিজেও হয়ে উঠেছেন অনন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত