ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় আসামি মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আসামিকে জামিন দেন।
এ মামলায় গত বুধবার অভিযোগপত্র গ্রহণ করে ইশতিয়াককে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিলেন ঢাকা মহানগর হাকিম মো. জাকী-আল-ফারাবী। পরে ওইদিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করা হয়।
আসামি ইশতিয়াক এই মামলার বাদী সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের শ্যালক।
বার্নিকাটের ওপর হামলার ঘটনায় গত ১ অক্টোবর ইশতিয়াকসহ ৯ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে ৪ আগস্ট রাতে বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর ইকবাল রোডের বাসায় নৈশভোজে শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্সা বার্নিকাটের গাড়িকে ধাওয়া করে হামলা করে দুর্বৃত্তরা।
