পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসন দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ এএম

টানা বৃষ্টিতে সড়কে পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন, নিরাপদে কর্মস্থলে যাতায়াত ব্যবস্থার দাবিতে ময়লা পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে অংশ নিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। শ্রমিকরা যাতায়াতে ভোগান্তির শিকার হন। সড়কে হাঁটু পর্যন্ত পানি জমায় সময়মতো তারা কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেন না। প্রশাসনের কাছে বারবার বলার পরও তারা দৃশ্যমান কোনো সমাধান দিতে পারেনি। অপরিকল্পিতভাবে কারখানা ও বসতবাড়ি করার কারণে এবং নয়নজুলি খাল ভরাট করে ফেলায় এখানে কৃত্রিম বন্যা হয়ে যায়। তাই এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন সিকদার বলেন, ড্রেনের অব্যবস্থাপনার কারণে আশুলিয়ায় সব সময় কৃত্রিম বন্যা পরিস্থিতির তৈরি হয়। ফলে নোংরা পানি দিয়ে শ্রমিকরা চলাচল করতে গিয়ে নানা রকম চর্মরোগে আক্রান্ত হন। এজন্য সরকারের কাছে দাবি জানান, যাতে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত