নিরাপত্তা নিয়ে শঙ্কা, জবিতে আসছেন না জেমস

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:০৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরবাউল খ্যাত শিল্পী 'জেমস'কে আনার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি আসছেন না বলে জানা গেছে।

আজ সোমবার (০৯ অক্টোবর) সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বলেন, নিরাপত্তাজনিত কারণে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা থেকে সরে আসা হয়েছে।

অন্য কোনো ব্যান্ড আনা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কাদের আনা যায় তা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেব।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত