অর্থবাণিজ্যের অভিযোগে খুলনার ডুমুরিয়ায় শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আয়া ও অফিস সহায়কের এই দুটি পদে নিয়োগের জন্য ১৯ লাখ টাকা ঘুষগ্রহণের অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মো. রহিম। এরপর গতকাল মঙ্গলবার সকালে নিয়োগ পরীক্ষা শুরুর আগে তা স্থগিত করা হয়।
মো. রহিম লিখিত অভিযোগে বলেন, ওই দুই পদে নিয়োগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার ও পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র শীল ঘুষবাণিজ্য করছেন। তারা আয়া পদে চাকরির নিশ্চয়তা দিয়ে শোভনা গ্রামের বিশ্বজিৎ মল্লিকের স্ত্রী তমা রানী মল্লিকের কাছ থেকে ৯ লাখ টাকা এবং অফিস সহায়ক পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের সাগর মণ্ডলের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘুষবাণিজ্যের অভিযোগে এর আগেও দুবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এলাকার বাসিন্দারা জানান, ঘুষগ্রহণের প্রতিবাদে পরীক্ষা কেন্দ্রে অনেক লোকজন জড়ো হন। তাদের প্রতিবাদের মুখে পরীক্ষা স্থগিত করে নিয়োগ কমিটি।
এ ব্যাপারে জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ছিল। কিন্তু পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরিবেশ অনুকূলে ছিল না। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
