জিএম কাদের

সাইবার আইন জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৪১ পিএম

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার সাইবার আইন করে জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে নগরের একটি কনভেনশন সেন্টারে তিনি এসব কথা বলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে পুনরায় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও ইয়াকুব হোসেনকে সিনিয়র সহ সভাপতি এবং আবু জাফর মাহমুদ কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তিনি বলেন, এই সরকার জনগণের জবাবদিহিমূলক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। যেকোনো ধরণের সমালোচনা করলে রাষ্ট্র বিরোধী কথা হলে সাইবার আইনে মামলা করা হচ্ছে। সমালোচনা নিতে না পেরে আইন দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে।

জিএম কাদের বলেন, বাংলাদেশের রিজার্ভ খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দশ বিলিয়ন কম হলে কোন দেশের এলসি হবে না। দেশের ব্যাংকগুলো খালি করা হয়েছে। দুদক দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে ৷ ছোট কর্মকর্তাদের দুদক দিয়ে হয়রানি করা হয়। কিন্তু বড় বড় দুর্নীতিবাজদের ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশে প্রথম আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। পরে বিএনপি চারবার চ্যাম্পিয়ান হয়েছে। আওয়ামী লীগ ইশতেহারের ধারে কাছে যায়নি। সবক্ষেত্রেই আওয়ামী লীগ একটি সুবিধাবাদি দল তৈরি করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী ও এটিকিউ তাজ রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত