মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন সেনাপ্রধানের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে পিতার নামে প্রতিষ্ঠিত ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রবিবার দুপুরে পৈতৃক ভিটায় পিতা মুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকন উদ্দিন আহমেদের নামে ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির উদ্বোধন করেন তিনি। পরে তিনি একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই জায়গায় আমি ছিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি চেষ্টা করে যাচ্ছি এলাকায় জনকল্যাণমূলক কিছু কাজে সম্পৃক্ত হতে। আজকে হাসপাতালটি উদ্বোধন করা হলো। পাশে একটি মসজিদ নির্মাণ করছি। এ ছাড়া পাশে একটি এতিমখানা ও একটি কবরস্থান করার পরিকল্পনা আছে।’

পরে তিনি করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিনামূল্যে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ ছাড়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাজের সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিরা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার নড়াইলে অবতরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত