হাইকোর্টের মন্তব্য

জেসমিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন সন্তোষজনক নয়

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৩২ এএম

নওগাঁয় আটকের পর র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় দাখিলকৃত প্রতিবেদন সন্তোজনক নয় বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে জেসমিন সুলতানার মৃত্যুর বিষয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তদন্ত করে। সেই তদন্ত প্রতিবেদনের ওপর গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়।

তবে প্রতিবেদনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে আদালত এটিকে অস্পষ্ট উল্লেখ করে বলে, ভুক্তভোগীকে গ্রেপ্তারের সময় নিয়ে তথ্যের ভিন্নতা রয়েছে। গ্রেপ্তারের সময় আইনি বিধান মানা হয়েছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ নেই। শুনানি শেষে আদালত রুলের শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেন।

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন সুলতানা জেসমিন। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারণার অভিযোগে গত ২২ মার্চ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে ২৪ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তবে সুলতানা জেসমিনের স্বজনদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের কারণে মারা গেছেন তিনি।

এরপর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল হাইকোর্ট দুজন বিচারকসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রতিবেদন দিতে আদেশ দেয়। একই সঙ্গে তদন্তকালে ঘটনার সময় দায়িত্বরত (জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদ) র‌্যাব সদস্যদের সংস্থার সদর দপ্তরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। রুলে কোনো মামলা কিংবা পরোয়ানা ছাড়া শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে র‌্যাব কর্তৃক জেসমিনকে তুলে নিয়ে যাওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। গত ২০ আগস্ট প্রতিবেদনটি হাইকোর্টে আসে। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

অ্যাডভোকেট মনোজ দেশ রূপান্তরকে বলেন, ‘রুলের মূল বিষয় ছিল ভুক্তভোগীকে আইনি বিধান মেনে গ্রেপ্তার করা হয়েছিল কি না, কিন্তু প্রতিবেদনে এ সংক্রান্ত কিছু উল্লেখ করা হয়নি। আদালত প্রতিবেদনটি অস্পষ্ট ও সন্তোষজনক নয় উল্লেখ করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত