দেশে জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাদান শুরু হয়েছে। গতকাল রবিবার রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম ধাপের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে ঢাকা বিভাগে এ টিকাদান কর্মসূচি শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক জানান, পরীক্ষামূলক প্রয়োগ শেষে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ১০-১৪ বছর বয়সী মেয়েরা এ টিকা কর্মসূচির আওতায় থাকবে। টিকা নিতে হলে প্রথমে টিকা গ্রহণকারীকে ভ্যাক্স ইপিআই অ্যাপে জন্মসনদ দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কোনোভাবেই এ টিকা গ্রহণের সুযোগ থাকছে না।
এর আগে গত ২ অক্টোবর দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
