আত্মগোপনে থাকা গৃহবধূ চট্টগ্রাম থেকে উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১:২০ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দৌলতপুর থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ রেশমা আক্তারকে (২৬) আড়াই মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার জামাই বাজার এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রেশমা উপজেলার মোচাগড়া গ্রামের মো. সেলিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই দৌলতপুর গ্রামের মো. নাসির খানের স্ত্রী রেশমা আক্তার কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে যান। ঘটনার ১০ দিন পর তার স্বামী বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তারপর থেকে রেশমার মা আমেনা বেগম দাবি করে আসছিলেন স্বামীসহ পরিবারের লোকজন তার মেয়েকে হত্যা করে গুম করে ফেলেছে। এ বিষয়ে মামলা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে থানা পুলিশকে চাপ দেন। গত ২৪ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার কুড়াখাল এলাকা থেকে একটি অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেলে সেই লাশ রেশমার বলে দাবি করে মা আমেনা বেগম। লাশটি হস্তান্তরের পাশাপাশি হত্যা মামলা নিতে পুলিশকে আবারও চাপ দেন। তবে পুলিশ তাদের সিদ্ধান্তে অটল থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে রেশমার খোঁজ করতে থাকে। একপর্যায়ে চট্টগ্রামের বাকলিয়া থানার জামাই বাজার এলাকায় রেশমার অবস্থান নিশ্চিত করে পুলিশ। গতকাল ভোরে পুলিশ রেশমাকে সেখান থেকে উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে আসে। পরে রেশমা আক্তারের মা ও স্বামীর বাড়ির লোকজনকে ডেকে তাদের উপস্থিতিতে মা আমেনা বেগমের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, ‘নিখোঁজের আড়াই মাস পর আত্মগোপনে থাকা রেশমা আক্তারকে জীবিত উদ্ধারের মাধ্যমে সব রহস্যের উদঘাটন করা হয়েছে। তাকে তার ইচ্ছায় মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মানসিক সমস্যার কারণে সে বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত