ডেঙ্গু রোধে পদক্ষেপ পর্যাপ্ত নয় : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৬:৩০ এএম

দেশে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে সরকারের নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখনো তা পর্যাপ্ত নয়। এটা সত্যি কথা, এটা পর্যাপ্ত নয়।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি ‘কেন ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না’ এই প্রশ্ন পৌরসভা বা সিটি করপোরেশনকে করাটা ‘যুক্তিসঙ্গত’ বলে মত দেন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে পৌরসভা ও সিটি মেয়রদের সারা বছরের জন্য একটা লম্বা পরিকল্পনা নিতে হবে।’

এ বছর রেকর্ড আড়াই লাখের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ইতিমধ্যেই ১১০০ মানুষের মৃত্যু হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি মশা নিধন কার্যক্রমে ঘাটতি দেখলেও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই বলে দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত