আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে নতুন উদ্যোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম

রুপালি গিটার ফেলে চলে গেলেও গত পাঁচ বছরে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর গান নিয়ে শ্রোতা-ভক্তদের আগ্রহ একটুও কমেনি। এই কিংবদন্তির স্মৃতি সংরক্ষণ, গাওয়া গানগুলো তরুণ প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন এবং রক লিজেন্ডকে ঘিরে বিভিন্ন ইভেন্ট আয়োজনে এবি কিচেন ও এশিয়াটিক ইএক্সপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 

এশিয়াটিক ইএক্সপির কার্যালয়ে এবি কিচেনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা। ইএক্সপির পক্ষে স্বাক্ষর করেন এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপারসন সারা যাকের। এই চুক্তির আওতায় এশিয়াটিক ইএক্সপি, প্রয়াত কিংবদন্তি শিল্পী এবং সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলোর নতুন আঙ্গিকে প্রচার এবং প্রসারের অনুমোদন পেয়েছে। নতুন শিল্পী দিয়ে নতুনভাবে গানগুলো তৈরি করা এবং আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলোর মাধ্যমে নতুন নতুন যন্ত্র শিল্পী খুঁজে বের করতে কাজ করবে এশিয়াটিক ইএক্সপি। এছাড়া আইয়ুব বাচ্চুর স্মরণে কনসার্ট আয়োজন করা, এবি কিচেনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং আইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার এবং অন্যান্য সামগ্রী দিয়ে জাদুঘর তৈরি এই সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত। এ চুক্তির ফলে আইয়ুব বাচ্চুর সৃষ্ট গান অথবা এলআরবি’র কোনো গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এশিয়াটিক ইএক্সপি এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত