মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধন সেনাপ্রধানের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ এএম

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গতকাল বুধবার কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৮ অক্টোবর হতে ২৬ অক্টোবর নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ পালিত হবে। এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সব সেনানিবাসে ট্রাফিক আইন সম্বন্ধে সবার সচেতনতা বৃদ্ধি এবং সেনানিবাসে চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি মেনে চলার প্রতি গুরুত্বারোপসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে সেনাবাহিনী প্রধান বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলাসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে। এ ছাড়া মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে কোর অব মিলিটারি পুলিশের কাজের মান আরও উন্নত হবে বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি এ ব্যাপারে সব বাহিনীর সমম্বিত সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশ ও র‌্যাব ফোর্সেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত