আগামী বছরের নভেম্বরে বাংলাদেশে আসছে বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’। অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল হলো একটি এমডি-১০ বিমানে স্থাপিত বিশ্বের একমাত্র স্বীকৃত সম্পূর্ণ চক্ষু চিকিৎসা হাসপাতাল। আগের বছরগুলোর মতো এবারও উড়ন্ত হাসপাতালটি বাংলাদেশের গুরুতর চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দেবে এবং চক্ষুবিশেষজ্ঞদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।
আগামী বছরের ১৪-২৮ নভেম্বর চট্টগ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দুই সপ্তাহের এই কর্মসূচিটি হবে বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতালের ১১তম মিশন এবং চট্টগ্রামে পঞ্চম মিশন।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অরবিস সদর দপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে অরবিস প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে অরবিস ফ্লাইং আই হসপিটালের প্রোগ্রাম ম্যানেজার মেরিয়েম আলতুন প্যারেন্ট, সিনিয়র ম্যানেজার (অ্যাডভান্সড লজিস্টিকস) আর্নেস্টো মোরেনো, স্টাফ অপথালমোলজিস্ট মোহাম্মদ আল আবেদ ও স্টাফ নার্স জ্যাকলিন নিউটন এবং বাংলাদেশের পক্ষে বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে গত ১৬ অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয় আয়োজক কমিটির সঙ্গে অরবিস প্রতিনিধিদলের আরেকটি বৈঠক হয়। বৈঠকে আয়োজক কমিটি উড়ন্ত হাসপাতালের আগমনের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানায়। বৈঠকে সভাপতিত্ব করেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) সভাপতি এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
দুটি বৈঠকেই বাংলাদেশে অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সহযোগী পরিচালক ডা. লুৎফুল হোসেন ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
