প্রেমিকাকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ এএম

সাভারের আশুলিয়ায় রুনা আক্তার (২৬) নামে এক নারীকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছিলের রাশেদ হোসেন (২৩) নামে এক যুবক। ওই নারীর লাশ উদ্ধারের দুই দিন পর রাশেদকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে পুলিশকে এই তথ্য জানিয়েছেন তিনি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত রাশেদকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

নিহত রুনা আক্তার (২৬) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সাছিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। গ্রামে রুনার আগে বিয়ে হলেও সেই সংসার ভেঙে যায়। সেই ঘরে রুনার ছয় বছরের শিশুসন্তান রয়েছে। তাকে গ্রামে রেখে গত তিন মাস আগে পোশাক শ্রমিকের চাকরি নিয়ে আশুলিয়ায় বসবাস শুরু করছিলেন তিনি। রাজবাড়ীর পাংশা থানার বরুরিয়া গ্রামের পরিবহন শ্রমিক রাশেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়ার ওয়ারেস আলীর মালিকানাধীন ভাড়া বাসা থেকে রুনার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছিল এবং ঠিক নিচে মেঝেতে পড়েছিল রুনার মরদেহ।

প্রাথমিকভাবে দেখলে মনে হবে আত্মহত্যার ঘটনা। যেন ওড়না ছিঁড়ে লাশ নিচে পড়ে গেছে। মরদেহটি উদ্ধারের দুই দিন আগে রবিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয় রুনাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নোমান সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় এই হত্যাকা- হয়েছে। হত্যার শিকার রুনার কয়েক রুম পরেই রাশেদ আরেক কক্ষে থাকতেন। তাদের মধ্যে প্রায় দুই মাস ধরে প্রেমের সস্পর্ক গড়ে উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত