৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় নজরুল ইসলাম মুন্সী নামে এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলম।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে দেওয়া রায়ে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত নজরুল মুন্সীর বাড়ি মাদারীপুর জেলায়। তিনি চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ এপ্রিল সীতাকুণ্ড থানার দক্ষিণ মহাদেবপুর এলাকা থেকে ৪৪২ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-৭। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করেন র্যাবের তৎকালীন ডিএডি ফজলুল হক। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়ার পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্র পক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বুধবার আদালত এ রায় দেন।
