শ্রমিকদের সঙ্গে মারামারিতে বাসচালকের মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:২৫ এএম

রাজধানীর মোহাম্মদপুরে বাসচালক ও শ্রমিকদের মধ্যে মারামারিতে মো. রাসেল (৩২) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসচালক নিহতের ঘটনায় তার ছোট ভাই মো. বাদশা জানান, ‘রমজান’ পরিবহন বাসের চালক রাসেল। গত মঙ্গলবার দুপুর ১২টার টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। তখন চালকের আসনে বসা রাসেলকে ব্যাপক মারধর করে অন্য শ্রমিকরা। এতে আহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত রাসেলকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, শরীয়তপুরের পালং উপজেলার মৃত আব্দুল হাকিম মাতব্বরের ছেলে রাসেল। বর্তমানে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাদ হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত