শিক্ষামন্ত্রী বললেন

পরিবার থেকে বিদায় নিয়ে সমাবেশে বিএনপি-জামায়াত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০২:১৮ এএম

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশে ইতিমধ্যেই যোগ দিয়েছেন জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। তারা পরিবার থেকে বিদায় নিয়ে গেছেন। তার অর্থ কী? তারা আমাদের অর্জনগুলো, জাতির ও দেশের অর্জনকে নস্যাৎ করতে চায়।’

গতকাল শুক্রবার বিকেলে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল (আজ) দেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন জামায়াত-বিএনপি সহিংসতা করার প্রস্তুতি নিয়েছে। স্বাভাবিকভাবে দেশবাসীর কাছে নানা আশঙ্কার জন্ম দিয়েছে। জামায়াত-বিএনপি যেন দেশে কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে, আমরাও প্রস্তুত আছি। আওয়ামী লীগ জনগণের দল হিসেবে আমরা জনগণের পাশে আছি। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি দল হিসেবে আমরা রাজপথে থাকব। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণও আমাদের সঙ্গে থাকবে।’

নবনির্মিত ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. এহসানুল কবির জগলুল, জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত