পোশাকশ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষ ভাঙচুর আগুন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৫ এএম

মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সাভারে ২০ জন আহত হলেও গাজীপুরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রবিবার সকালে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় বিক্ষোভকারী শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার পর সংঘর্ষ হয়।

অন্যদিকে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকরা ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয় পুলিশের পিকআপে।

গতকাল রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঋষিপড়া পদ্মার মোড়, নাজিমনগর এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। গতকাল সকালে ঋষিপাড়া এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের অবনী ফ্যাশন লিমিটেড কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় মোটরসাইকেল ও গাড়িবহরসহ লাঠিসোঁটা নিয়ে কিছু লোক তাদের ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশ ও হামলাকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

গাজীপুরে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। সকালে বিক্ষোভ চলাকালে মহানগরীর কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর বেলা ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় শুরু হয় বিক্ষোভ। স্ট্যান্ডার্ড কারখানা ও কোনাবাড়ী বিসিকের বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা দলবল নিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশকে বহনকারী একটি পিকআপে আগুন দেয় উত্তেজিত শ্রমিকরা। পরে পুলিশ ও র‌্যাব এসে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প-পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, শ্রমিকদের ছেভাড়া ইটের আঘাতে নাহিদ নামে শিল্প-পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত