আবারও ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী শুক্রবার ইসরায়েল সফর করবেন। এর মাধ্যমে চলতি সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্য সফর শুরু করতে যাচ্ছেন তিনি।

গত ০৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ কেন্দ্র করে ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনা হ্রাসে প্রেসিডেন্ট জো বাইডেনের ‘জরুরি পদক্ষেপ’ প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর করবেন ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এএফপিকে মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েলি সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার দেশটি সফর করবেন। যদিও হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট বাইডেন গতকাল মঙ্গলবার জর্ডানের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ব্লিঙ্কেন একাধিকবার জর্ডান গিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বাইডেন এবং বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ‘সহিংসতা রোধ এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে ‘জরুরি পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেন। এ সময় দুই নেতা গাজার বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত