বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেসবুকে ছবি পোস্ট করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে তার ব্যক্তিগত আইডি থেকে ছবিটি মাইডেতে (স্টোরি) পোস্ট করলে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায় সাগর একটি বদ্ধ কক্ষে নীল রঙের ইংরেজি অক্ষরে পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছেন। পরে সাগর ছবিটি ডিলিট এবং ভুল স্বীকার করেন।
সাগর ধুনট উপজেলার নীমগাছী ইউনিয়নের নানজার পাড়া গ্রামের বাসিন্দা। ফেসবুকে তিনি নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
বুধবার রাতে মুঠোফোনে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবিএস সবুজ দাবি করেন, সাগর দলীয় কোনো পদে নেই৷ তবে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পুলিশের জ্যাকেট পরে ছবির বিষয়ে বলেন, সাগর কীভাবে জ্যাকেট পেয়েছে বা পরেছে তা আমাদের জানা নেই৷ তবে তার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
সাজেদুল ইসলাম সাগর পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা স্বীকার করে বলেন, কয়েকদিন আগে নীমগাছী ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা খাওয়া-দাওয়া করতে গেলে মজার ছলে জ্যাকেটটি পরেছিলাম৷ ওই সময় আমার এক বন্ধু ছবিটি তুলেছিল আজ সেই ছবিটি মাই ডে দিয়েছে। পরে বুঝতে পেরে আমি তা মুছে ফেলি। বিষয়টি ভুল হয়েছে৷
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সাগর নামের কাউকে চিনি না। তবে পুলিশের ব্যবহৃত জ্যাকেট অন্য কারও পরার সুযোগ নেই। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ দায়িত্বরত পুলিশ কর্মকর্তার অবহেলা আছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
