পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক অর্ধেক কমিয়েছে সরকার। ফলে এখন থেকে প্রতি টন অপরিশোধিত সুগারবিট ও ক্যান সুগারের জন্য দেড় হাজার টাকা আমদানি শুল্ক দিতে হবে, যা আগে ছিল তিন হাজার টাকা। এ ছাড়া প্রতি টন পরিশোধিত চিনিতে আমদানি শুল্ক আগের ছয় হাজার টাকার পরিবর্তে এখন দিতে হবে তিন হাজার টাকা। এর ফলে প্রতি কেজি চিনিতে দেড় টাকা ব্যয় সাশ্রয় হবে।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিকারকরা এই শুল্কছাড়ের সুবিধা পাবেন।
আমদানি শুল্কের পাশাপাশি চিনিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে ৩০ শতাংশ। এ ছাড়া আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সেই সঙ্গে অগ্রিম আয়কর দিতে হয় ২ শতাংশ।
এখন রাজধানীর বাজারে প্রতি কেজি চিনি ১৩০ থেকে ১৩৫ টাকা বিক্রি হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে এক বছরের ব্যবধানে খুচরা পর্যায়ে চিনির দাম বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ। এক বছর আগে প্রতি কেজি চিনির দাম ছিল ১০৫ থেকে ১১৫ টাকা।
