বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে চলতি অর্থবছরের ২২ অক্টোবর পর্যন্ত পাঠানো নারীকর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। নারী শ্রমিকরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে। নারীকর্মীদের সুরক্ষায় সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবাননে ছয়টি সেফজোন আছে।
গতকাল বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
যোগাযোগ খাতে সরকারের সাফল্য : দেশের যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তা সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল সড়ক, রেল, বিমান ও নৌপথ যোগাযোগের ক্ষেত্রে একটি স্বল্প ও দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা এবং কর্মসূচি (রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১) সামনে রেখে তা বাস্তবায়নে কাজ করছে।
খাদ্য মজুদ ১৬ লাখ ৭০ হাজার টন : আওয়ামী লীগের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, বর্তমানে সরকারি গুদামে ১৬ লাখ ৬৯ হাজার ৯৯ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ১৬ হাজার ৪৩ জন টন চাল, ১ লাখ ৫২ হাজার ২৮৩ টন গম ও ১ হাজার ১৮৮ টন ধান। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন সংগ্রহ মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি : সরকারি দলের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে। এ ছাড়া সার্কভুক্ত ভারত, পাকিস্তান, ভুটান, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।
