প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার ১৬ এমপির সাক্ষাৎ

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:১৮ এএম

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ১৬ জন সংসদ সদস্য (এমপি) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক এমপি জানান, তারা তাদের এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে যান। প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনের চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। অন্যরা সবাই দাঁড়িয়ে ছিলেন।

জাপার একাধিক এমপি জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেন। তাদের মধ্যে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও রওশন আরা মান্নান কিছু কথা বলেন।

কী কথা হলো জানতে চাইলে এক এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ পড়ে যখন তার দপ্তরে আসেন তখন আমরা সেখানে যাই। অনেক ভিড় ছিল। এখানে নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়নি। শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।’

রওশন এরশাদ, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৬ এমপিই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। এর মধ্যে শাদ এরশাদ সংসদে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় এমপিরা দেখা করার আগেই চলে যান। অধিবেশনে উপস্থিত হননি রওশন এরশাদ, জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত