বাইক দুর্ঘটনায় রাস্তায় পড়ে তরুণ নির্মাতা, ছবি তুলেই কেটে পড়লেন পথচারী

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

শরীর রক্তে ভেসে যাচ্ছে, ওই অবস্থাতেই রাস্তায় পড়ে রয়েছেন বাইক চালক। পাশ দিয়ে যাওয়া গাড়ি-বাইক কেউই দাঁড়াল না। যারা দাঁড়ালেন, তারাও শুধু ছবিই তুললেন, সাহায্যের হাতটুকুও কেউ বাড়িয়ে দেননি। 

প্রায় আধ ঘণ্টা রাস্তায় পরে থাকার পর শেষে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। গোটা ঘটনাটিই দেখা গেছে সিসিটিভি ফুটেজে। নিহত যুবকের নাম পীযূষ পাল (৩০)। তিনি একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা।

বাড়ি ফেরার পথে দক্ষিণ দিল্লির একটি ট্রাফিক সিগন্যালের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। কিন্তু কেউ তাঁকে সাহায্য করেননি। অনেক দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির।

জানা গেছে, গত ২৮ অক্টোবর রাত ১০টার দিকে বাইক নিয়ে কালকেজিতে ফিরছিলেন পীযূষ। দক্ষিণ দিল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে তিনি লেন বদল করছিলেন, সেই সময় হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাইক। সিগন্যালের সামনেই ছিটকে পড়েন পীযূষ। চাকা স্কিড করে বাইক কয়েক মিটার হিঁচড়ে নিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন পীযূষ। কোনও মানুষ বা গাড়ি-বাইক কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কয়েকজন দাঁড়ালেও, দুর্ঘটনার ছবি তুলেই পাশ কাটিয়ে চলে যান। পীযূষ সাহায্যের জন্য কাতর আবেদন করলেও, কেউই সাহায্য করেননি। 

ওইভাবে ২০ মিনিট পড়ে থাকেন তিনি। পরে পুলিশ এসে ওই যুববকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

এদিকে, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, অভিযুক্ত বাইক চালককে চিহ্নিত করেছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত