মোস্তফা সরয়ার ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি চলচ্চিত্রটি ভারতের মুম্বাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনী ফারুকীকে আপ্লুত করেছে, ভিজিয়েছে চোখ।
বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে ফারুকী লিখেছেন, ভালোবাসা কি বাঁধাইয়া রাখা যায়? তাহলে মুম্বাইতে এই দুই দিন আমরা যা পেয়েছি তা বাঁধাইয়া নিয়া আসতাম। আজকে ছিল আমাদের সেকেন্ড শো। আজকেও ফুল হাউস। ফুল হাউসের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ফুল হার্ট ভালোবাসা। কতবার যে আমার চোখ ভিজিয়ে দিয়েছে মুম্বাই! লাভ ইউ, মুম্বাই।
তিনি বলেন, আরেকটা মজার কথা হলো, একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হয়ে গেলো আজকে। মুম্বাই ফেস্টিভালের ডায়নামিক ডিরেক্টর দীপ্তির কল্যানে পাঁচ দিন আগে যে দৃশ্য আমি শ্যুট করেছি, সেটা সহ-ই মুম্বাইয়ের প্রথম শো-টা হয়েছে। এবং আমার এবং দর্শকদের মন ভরে গেছে।
ফারুকী বলেন, আমি ভাবছি আজকেও একই ভার্সন দেখাবে! কিন্তু ওরা ভুল করে আগের ভার্সন দেখিয়ে দিয়েছে। আমি সেটা জানতাম না। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া একই রকম। একই ভালোবাসা! একই আবেগ! আমরা দূর্বল মানুষ! এই ভালবাসার জোরেই শক্তিশালী হয়ে উঠতে চাই, অসাধ্য সাধন করতে চাই। লাভ ইউ। প্রিয় বাংলাদেশ, এবার তোমার কাছে ছবিটা নেয়ার অপেক্ষায়।
দুই দশকেরও বেশি সময় ধরে নির্মাণের সঙ্গে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। নাটক-সিনেমা-সিরিজ-বিজ্ঞাপনচিত্র সবখানেই সমানতালে গল্প বলেছেন। এবার নিজেই হয়ে গেছেন নিজের গল্পের নায়ক। প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে পর্দায়।
ফারুকীর পরিচালনায় ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে ফারুকী অভিনয় করেছেন তাঁর নিজের চরিত্রেই। ‘অটোবায়োগ্রাফি’তে নির্মাতা ও অভিনেত্রীর বিয়ের পর বাচ্চা নেওয়া, বাচ্চা নেওয়ার পরের স্ট্রাগল ফুটে উঠবে পর্দায়।