ক্লাসমেটের সঙ্গে প্রেম করায় মেয়েকে কীটনাশক খাইয়ে দিলেন বাবা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

ক্লাসমেটের সঙ্গে প্রেম করায় কিশোরী মেয়েকে জোর করে কীটনাশক খাইয়ে দিল বাবা। শুধু তা-ই নয়, ১৪ বছর বয়সী মেয়েকে মারধরও করেছেন তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায়। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই কিশোরী তার স্কুলের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৯ অক্টোবর বিষয়টি জানতে পারেন কিশোরীর বাবা। তিনি মেয়ের ওপর ক্ষুব্ধ হন এবং তাকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন। তবে বাবার কথায় রাজি হয়নি মেয়ে। সরাসরি জানিয়ে দেয়, ক্লাসমেটের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না সে। এরপর অভিযুক্ত বাবা মেয়েকে মারধর করেন।

পুলিশ জানিয়েছে, লোহার রড দিয়ে মেয়েকে মারধর করেন বাবা। তারপর জোর করে খাইয়ে দেওয়া হয় কীটনাশক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর অবস্থা এখনো আশঙ্কাজনক। হাসপাতাল থেকেই বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত