ঢাকায় ডেঙ্গু রোগী ১ লাখ ছুঁইছুঁই

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:২৬ এএম

ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭২৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৩৭৯ জন। এ নিয়ে এ বছর ঢাকায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৯৩২ জন, যা বছরের মোট রোগীর ৩৬ শতাংশ। এসব রোগীর মধ্যে মারা গেছে ৮১৬ জন, যা মোট মৃত্যুর ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন ডেঙ্গু রোগী মারা গেছে। তাদের মধ্যে ঢাকার বাইরে মারা গেছে ১১ জন ও ঢাকায় ৪ জন। দৈনিক মৃত্যুর এই সংখ্যা ১০ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এরচেয়ে বেশি ১৭ রোগী মারা যায় ২৩ অক্টোবর।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ৯৯ হাজার ৯৩২ জন ঢাকার এবং ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে ৮১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায় ও ৫৫৪ জনের ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৭৬২ জন ও ঢাকার বাইরে ৪ হাজার ৫০৮ জন।

এ মাসের প্রথম দুদিনে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩১ জন ও মারা গেছে ২২ জন। অর্থাৎ গত দুদিনে দৈনিক গড়ে ১ হাজার ৮১৫ রোগী ভর্তি হয়েছে ও গড়ে মারা গেছে ১১ জন করে।

মাসের হিসাবে মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, জানুয়ারিতে ৫৬৬ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন ও সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এসব রোগীর মধ্যে মারা গেছে এপ্রিল ও মে মাসে ২ জন করে, ফেব্রুয়ারিতে ৩ জন, জানুয়ারিতে ৬ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন, অক্টোবরে ৩৫৯ জন ও সেপ্টেম্বরে ৩৯৬ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত