চ্যাম্পিয়নস লিগ: গোল পেলেন এমবাপ্পে, লাল কার্ড দেখলেন ভাই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের রাতটি এমবাপ্পে পরিবারের জন্য নিয়ে এলো সম্পূর্ণ বিপরীতধর্মী এক অভিজ্ঞতা। একদিকে বড় ভাই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের চিরচেনা ছন্দে ইউরোপ অভিযান শুরু করেছেন, অন্যদিকে ছোট ভাই ইথান এমবাপ্পের বেলায় ম্যাচটি শেষ হয়েছে চরম হতাশা ও তিক্ততায়।

ফরাসি ক্লাব লিলের জার্সিতে মঙ্গলবার মাঠে নেমে ম্যাচের শুরুর দিকে দারুণ একটি অ্যাসিস্ট করে আলো ছড়ালেও শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে ইন্তার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিলেন এমবাপ্পে। ম্যাচের শুরুর দিকে প্রতিপক্ষের রক্ষণভাগের আত্মঘাতী ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন তিনি, যা রিয়ালের শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। 

বড় ভাই যখন স্পেনের মাঠে দলকে জেতাতে ব্যস্ত, ঠিক তখনই ফরাসি ক্লাব লিলের হয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিলেন এমবাপ্পের ভাই। ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল তার জন্য; শুরুর দিকেই তার নিখুঁত পাস থেকে আয়াসে উয়েদা গোল করে লিলেকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে বেতিস ম্যাচে লিড নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে খেলার উত্তাপ সামলাতে না পেরে মেজাজ হারিয়ে বসেন ইথান। বলের বাইরে প্রতিপক্ষ বেতিস ডিফেন্ডার নাতানের মুখে কনুই দিয়ে আঘাত করায় রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান। এর ফলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো ফরাসি ক্লাবের হয়ে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন তিনি। 

দশ জনের দলে পরিণত হওয়ার পর লিলি ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়। এক রাতে বড় ভাইয়ের গোল উৎসব আর ছোট ভাইয়ের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ফুটবলপ্রেমীদের উপহার দিল এক নাটকীয় ও ভিন্নধর্মী অভিজ্ঞতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত