ইলিশের প্রজনন নিরাপদ করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর মৎস্য আড়ৎগুলো। বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাত থেকেই সাগর ও নদীতে নেমেছে হাজার হাজার জেলে।
জেলেদের আহরণকৃত ইলিশ ও সামুদ্রিক বিভিন্ন মাছ বোঝাই করে নৌকা ও ট্রলার নিয়ে আসছে মাছঘাটে। ভোর থেকে হাঁকডাকে আবারও মুখর হয়ে উঠেছে মাছ বাজার ও মৎস্য বন্দরগুলো। আড়ৎদাররা জেলেদের নিয়ে আসা ইলিশগুলো স্তূপ করে সাজাচ্ছেন। পাইকারি ডাক উঠানোর পরে খুচরা ও পাইকারি ক্রেতারা এসব ইলিশ ক্রয় করছেন।
মাছঘাটের ব্যবসায়ীরা জানান, যে সকল জেলেরা সমুদ্র মোহনা ও খুটা জাল দিয়ে মাছ শিকার করে তাদের আহরণ করা ইলিশ আমদানি হওয়ার কারণে মাছঘাট এখন সরগরম। তবে কয়েকদিন সময় অতিবাহিত হলে বুঝা যাবে নদীতে ইলিশের বিচরণ কম না বেশি।
মৎস্য ব্যবসায়ী রাসেল মোল্লা বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যে পরিমাণ ইলিশ আড়তে এসেছে, এতে দাম কমার কোন সম্ভাবনা নেই। আগের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। তবে আগামীতে ইলিশের দাম কম নয় বরং বাড়ার সম্ভাবনাই বেশি।
